আঞ্চলিক প্রতিযোগিতা শুরু হবে, বললেন সৌদি প্রিন্স
সৌদি রাজপরিবারের এক জ্যেষ্ঠ সদস্য সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে আলোচিত চুক্তিটি সম্পাদিত হলে তা পারমাণবিক জ্বালানির উন্নয়নে অন্য আঞ্চলিক দেশগুলোকে উৎসাহিত করবে। প্রিন্স তুর্কি আল-ফয়সাল বিবিসিকে বলেন, চুক্তিটি হলে সৌদি আরবও একই অধিকার চাইবে। বিবিসি ও রয়টার্সের খবর।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ছয়টি শক্তিধর রাষ্ট্র ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে একটি চুক্তির ব্যাপারে আলোচনা করছে। এর বিরোধিতাকারীরা বলছেন, চুক্তিটি স্বাক্ষরিত হলে সৌদি-ইরানের প্রতিদ্বন্দ্বিতার কারণে এ অঞ্চলে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা বেড়ে যাবে।
সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেন, ‘এ আলোচনা যে ফলই বয়ে আনুক না কেন, আমি সব সময়ই বলে আসছি, আমরাও একই সুযোগ চাইব।’ তিনি বলেন, ‘যে স্তরেই হোক না কেন, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা পায়, তবে শুধু সৌদি আরবই নয়, আরও অনেকেই এ ক্ষমতা চাইবে।’
ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা নির্ধারিত রয়েছে ৩১ মার্চ। আর ওই সময়সীমার প্রেক্ষাপটেই সৌদি আরব গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে পরমাণু সহযোগিতাবিষয়ক একটি চুক্তি করেছে।
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে নিবৃত্ত করতে পারবে না—এমন কোনো অকার্যকর চুক্তি করা হবে না বলে সৌদি আরবসহ আঞ্চলিক মিত্রদের আবারও নিশ্চয়তা দিতে চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রিয়াদ সফরে যান। তখন কেরিকে বলা হয়, এ অঞ্চলের বিভিন্ন সংঘাতে শিয়া মুসলিমদের সংগঠনের প্রতি ইরানের সমর্থন রয়েছে। এটা সমস্যার সৃষ্টি করছে।
প্রিন্স তুর্কি আল-ফয়সাল বলেন, ‘ইয়েমেন, সিরিয়া, ইরাক, ফিলিস্তিন বা বাহরাইন যে আরব দেশই হোক না কেন, বিভিন্ন প্রেক্ষাপটে ইরান এরই মধ্যে বিধ্বংসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’
ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত শিয়া-মিলিশিয়াদের প্রতি ইরানের সমর্থন সৌদি আরবের বড় উদ্বেগের কারণ। ইরাকের তিকরিত শহরে চলমান লড়াইয়ে শিয়াদের প্রতি ইরানের সমর্থনের বিষয়টি আরও পরিষ্কার হয়।
তুর্কি আল-ফয়সাল বলেন, এখন দেখা যাচ্ছে ইরাকে দখলদারি বাড়াচ্ছে ইরান, যা গ্রহণযোগ্য নয়।
মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসি বলেছেন, তিকরিতের লড়াইয়ে ইরানের সহযোগিতা ‘ইতিবাচক বিষয়’ হতে পারে, যদি তা বিভক্তিকে উসকে না দেয়।
ইরানের ঘনিষ্ঠ আরব মিত্র দেশ সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের বিরোধীদের অস্ত্র দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করায় রিয়াদ দীর্ঘদিন থেকেই হতাশ। বাশারের পরিবারও শিয়া সম্প্রদায়ের।
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে সৌদি হুঁশিয়ারি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন