মাগুরা প্রতিনিধি :
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, আজ ২০১৫ সালে মানবাধিকার লঙ্ঘনের জন্য সেই রাষ্ট্র বা রাষ্ট্রীয় যন্ত্রের দিকে অঙ্গুলি-নির্দেশ করতে হচ্ছে না। হচ্ছে তথাকথিত সংগঠনগুলোর দিকে, যেগুলো নিজেদের রাজনৈতিক দল হিসেবে পরিচয় দিচ্ছে। গতকাল দুপুরে মাগুরায় ‘সহিংসতা ও মানবাধিকার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে মানবাধিকার চেয়ারম্যান এ কথা বলেন। স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং পার্টনার্স ইন ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমানে দেশে যেটি হচ্ছে সেটি নিখাদ সন্ত্রাসবাদ। এটি জঙ্গিবাদ। এ হচ্ছে রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধে জনগণ কখনও পরাজিত হতে পারে না। রাষ্ট্র পরাজিত হতে পারে না। রাষ্ট্রকে এখানে বিজয়ীর বেশে আবির্ভূত হতেই হবে।
ড. মিজানুর রহমান বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে এসব রাজনৈতিক সংগঠন সাধারণ মানুষের নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে। এটি মানবাধিকারের জন্য সবচেয়ে বড় হুমকি। এই হুমকিকে মোকাবেলা করতে হবে। এতে সবার ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ জরুরি।
পার্টনার্স ইন ডেভেলপমেন্টের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক কালা চাঁদ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও পার্টনার্স ইন ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ অনেকে।
দেশে বর্তমানে যেটি হচ্ছে সেটি নিখাদ সন্ত্রাসবাদ : ড. মিজান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন