দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

কার স্বার্থে বটতলী স্টেশন যাচ্ছে না শাটল ট্রেন?


C_un_BG_938615475দুই মাসের পরিবর্তে ১৭ মাস বটতলী স্টেশনে যাচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন। স্টেশন রি-মডেলিং এর নামে দীর্ঘদিন বন্ধ থাকলেও পুনরায় বটতলী স্টেশন থেকে শাটল চালু করার বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শুধু রেলওয়ে কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অনুরোধ করার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তারা। বিষয়টি নিয়ে কোনো বৈঠক হয়নি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে। এমনকি একটি চিঠিও দেয়া হয়নি। প্রশাসনের নীরব ভূমিকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিউমার্কেট, আগ্রাবাদ, হালিশহরসহ নগরীর দক্ষিণাঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীরা।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করছেন তারা বেশ কয়েকবার বটতলী স্টেশন থেকে শাটল ট্রেন পুনরায় চালু করার কথা রেল কর্তৃপক্ষকে জানিয়ে আসলেও রেল কর্তৃপক্ষ এতে কর্নপাত করছে না। দুই তিনবার চালু করার আশ্বাস দিয়ে তারা এখন পর্যন্ত বন্ধ রেখেছে।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা দুই থেকে তিনবার রেলওয়ের সাথে যোগাযোগ করেছি। প্রত্যেকবারই আমরা তাদের বটতলী স্টেশন থেকে শাটল ট্রেন চালু করার বিষয়ে জোর দিয়েছি। তারাও চালু করার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। সর্বশেষ মার্চ মাস থেকে চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এরপরও তারা কেন বন্ধ রেখেছে জানি না।’
তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। রেলওয়ে দাক্ষিণাঞ্চলের জিএম মোজ্জামেল হক বলেন, ‘মার্চের মধ্যে স্টেশন সংস্কারের কাজ শেষ হবে। তারপর পুনরায় বটতলী স্টেশন থেকে শাটল চলাচল শুরু হবে।’ তবে দুই মাসের সংস্কার কাজ দীর্ঘ ১৭ মাস লাগছে কেন জানতে চাইলে মোজ্জামেল হক কিছু বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম রেলওয়ের এক কর্মকর্তা জানান, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটল ট্রেনের জন্যে নামমাত্র যে ভাড়া প্রদান করে তাতে শাটল ট্রেনের জ্বালানি খরচও হয় না। গত বছর ভাড়া বাড়ানো হলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাড়তি কোনো ভাড়া প্রদান করেনি। এ কারণে রেলওয়ে কর্তৃপক্ষ ওই রুটে শাটল ট্রেন চালাতে আগ্রহী নয়। শুধু শিক্ষার্থীদের কথা চিন্তা করে এখনো এটি বন্ধ করা হচ্ছে না।’
সরেজমিনে গিয়ে দেখা গেছে বটতলী স্টেশনে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের ইয়ার্ড সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে কয়েক মাস আগেই শাটল ট্রেন স্টেশন রি-মডেলিং এর কাজ শেষ হয়েছে।
স্টেশন রি-মডেলিং এর কাজ শেষ হওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চুপ থাকায় এখন সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের মনে প্রশ্ন উঠেছে শাটল ট্রেন বটতলী স্টেশন যাচ্ছে না কার স্বার্থে? বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি রেলওয়ে কর্তৃপক্ষের?
২০১৩ সালের ২৭ সেপ্টেম্বর রেলওয়ের তৎকালীন প্রধান প্রকৌশলী মাহবুব উল আলম চিঠি পাঠিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টেশন রি-মডেলিং এর কাজ শুরু হবে। তাই ওই দিন থেকে দুই মাস শাটল ট্রেন বটতলী স্টেশনের পরিবর্তে ষোলশহর থেকে চলাচল করবে। এরপর থেকে বর্তমান পর্যন্ত শাটল ট্রেন ষোলশহর স্টেশন থেকে চলাচল করছে।
সরেজমিনে দেখা গেছে, ষোলশহর থেকে শাটল ট্রেন চলাচল করলেও দিন দিন বগির সংখ্যা কমে যাচ্ছে। আগে ৮টি করে বগি দিয়ে শাটল ট্রেন চালানো হলেও গত দুই মাস ধরে চালানো হচ্ছে ৫টি করে বগি দিয়ে। আবার বগিগুলোর অবস’াও জরাজীর্ণ। পরিত্যক্ত বগিগুলোই এখন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করছে।
এদিকে ২ মাসের পরিবর্তে এক বছরের বেশি সময় শাটল ট্রেন ষোলশহর থেকে চলাচল করায় পুনরায় বটতলী স্টেশন থেকে চালু করার দাবি জানায় ছাত্র ফেডারেশনসহ বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট। একই দাবিতে তারা সংবাদ সম্মেলন, প্রশাসনিক ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত কয়েক মাস ধরে প্রগতিশীল ছাত্রজোট আন্দোলন করে আসলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে কর্নপাত করেনি। উল্টো তাদের পুলিশ দিয়ে পিটিয়েছে।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ বলেন, ‘প্রশাসনের নির্লিপ্ততা, উদাসীনতা এবং রেলওয়ে কর্তৃপক্ষের সাথে লেনদেন সম্পর্কিত জটিলতার কারণে শিক্ষার্থীরা শাটল ট্রেন নিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা শাটল ট্রেন চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ তাতে কর্নপাত করছে না। উল্টো আমাদেরকে পুলিশ দিয়ে পিটিয়েছে।’
প্রসঙ্গত, আগে নগরীর বটতলী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ঝাউতলা স্টেশন হয়ে ষোলশহর আসত শাটল ট্রেন। এ কে খান, অলংকার, খুলশী, আকবর শাহ এলাকাসহ নগরীর পশ্চিমাংশে বসবাসকারী শিক্ষার্থীরা ঝাউতলা স্টেশনে উঠানামা করতেন। এছাড়া কোতোয়ালী, সদরঘাট, পাথরঘাটা, হালিশহর, আগ্রাবাদ ও পতেঙ্গাসহ দক্ষিণাঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীরা যাতায়াত করতেন বটতলী থেকে।




কার স্বার্থে বটতলী স্টেশন যাচ্ছে না শাটল ট্রেন?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন