বিশেষ প্রতিনিধিঃ সংলাপ ও নির্বাচনের দাবিতে বিরোধী জোটের লাগাতার ৫৭তম দিনের অবরোধ ও সপ্তম দফার হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার সারাদেশে ২৫ গাড়িতে অগ্নিসংযোগ ও আরও ৯টিতে ভাংচুর চালানো হয়েছে। চাঁপাই নবাবগঞ্জের কানসাটে পেট্রলবোমা হামলায় কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। বিভিন্নস্থানে অন্তত ২৬টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে ছয়, চাঁপাই নবাবগঞ্জে সাত, দিনাজপুরে এক, জয়পুরহাটে তিন, কুমিল্লায় এক, সিলেটে এক, নোয়াখালীতে দুই, বরিশালে দুই, সিলেটে এক, নারায়ণগঞ্জে এক, এবং ফেনীতে দু’টি যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এছাড়া আরও ১০টি যানহবাহনে ভাংচুর চালানো হয়েছে। দেশের বিভিন্নস্থানে বিরোধী জোটের নেতাকর্মীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবারও দেশের বিভিন্নস্থান থেকে দু’শতাধিক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে। হরতালে ঢাকায় অন্তত ৬টি বাসে আগুন ও বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি। রাজধানীর শেরেবাংলা নগর জাতীয় বেতার ভবনের সীমানাপ্রাচীরের ভেতরে পরপর তিনটি হাতবোমা হামলা চালিয়েছে অজ্ঞাতরা। এছাড়া শাহবাগের গণজাগরণ মঞ্চে হাতবোমা বিস্ফোরণ, রাজশাহী শিক্ষাবোর্ডে ককটেল নিক্ষেপ, ঢাবির কার্জন হল এলাকায় ৬টি ককটেল বিস্ফোরণ, ঢাবির টিএসসি ও ভিসি চত্বরে হাতবোমা বিস্ফোরণ, গুলশান ও বাড্ডায় কয়েকটি ও শান্তিনগরে ককটেল বিস্ফোরণ এবং ধানমন্ডির ২৭ নম্বরে হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রাজধানীর বাইরে রংপুরে সোনালী ব্যাংক জোনাল শাখার সামনে ও দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। কুমিল্লায় ট্রাকে পেট্রোল বোমায় ড্রাইভার-হেলপার দগ্ধ হয়েছে। নোয়াখালীতে ২টি ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছে ১জন। দিনাজপুরে ট্রাকে পেট্রোল বোমায় হেলপার দগ্ধ, ফেনীতে পেট্রোল ঢেলে বাস-ট্রাকে আগুন, নারায়নগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলায় চালক আহত, জয়পুরহাটে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, সিলেটে কাভার্ডভ্যান ও সিএনজি স্টেশনে আগুন, বরিশালে মধ্যরাতে বিআরটিসি ডিপোতে অগ্নিসংযোগ, জয়পুরহাটে চাল ও আলুবোঝাই ২ ট্রাকে অগ্নিসংযোগ এবং নোয়াখালীতে সকালে ট্রাক ও মিনিবাসে আগুন দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ৭ ট্রাক-কাভার্ডভ্যানে আগুন, চালক নিহতঃ চাঁপাইনবাবগঞ্জে সোমবার রাত ৮ থেকে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ১৪ ঘণ্টার মধ্যে অন্তত সাতটি ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে একটি এবং প্রায় একই সময়ে হরিপুরে দুটি ট্রাকে আগুন দেয় অজ্ঞাতরা।সদর মডেল ধানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, শান্তিমোড়েরর প্রথম ঘটনায় অন্ততঃ চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এতে পুড়ে যায় ঢেউটিনবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-৮৫৪৯)।এ সময় রাস্তার পাশের দোকানদার সালাত (৭২) ককটেলের আঘাতে আহত হয়। ড্রাইভার ও হেলপার কোনো মতে প্রাণে রক্ষা পান।
এর পরপরই হরিপুরে আব্দুস সামাদ অ্যান্ড সন্স পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা স্থানীয় একটি খালি ট্রাকে (১১-০১৯৮) এবং তেল নেয়ার সময় জেলার বিশিষ্ট ব্যবসায়ী সাগর অটোরাইস মিলের মালিক মনসুর মিয়ার মালিকানাধীন ধানভর্তি অপর ট্রাকে (যশোর ট-১১-১০৫৯) পেট্রোল বোমার আগুন দেওয়া হয়। খালি ট্রাকের ড্রাইভার ও মালিক হরিপুরের আখতারুল এবং ধানের ট্রাকের ড্রাইভার আবদুল মতিন সাংবাদিকদের জানান, এসময় অন্ততঃ পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করা হয়।
উভয় ঘটনায় এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাকগুলোর সামনের কেবিন অংশ পুড়ে যায়। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় তেল পাম্পটি রক্ষা পায়। হরতাল-অবরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো নিরাপত্তা ছাড়াই এসব ট্রাক মহাসড়কে যাতায়াত করার সময় এ ঘটনা ঘটে। এ সময় পাম্পের ঠিক বিপরীতে মহাসড়কে অপর পাড়ে মাত্র ১০০ ফুট দূরত্বে অবস্থিত পিসিজিবি’র জাতীয় বিদ্যুৎ গ্রিডের উচ্চক্ষমতার বৃহৎ সাবস্টেশনটিও হুমকির মুখে পড়ে। যদিও কে পি আই হওয়ায় সার্বক্ষণিক পুলিশসহ কড়া নিরাপত্তায় রাখা হয় কেন্দ্রটি।সেখানে নিয়ন্ত্রণ কক্ষের মূল গেইটের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করে পুলিশ। এসব খবর পেয়ে ঘটনাস্থলগুলোতে ছুটে যান ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের প্রতিনিধিরা।
এর আগে সোমবার রাতে আজ মঙ্গলবার খুব ভোরে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের চাঁপাইনবাবগঞ্জের কানসাট ও শিবগঞ্জে তিনটি স্থানে ট্রাক ও কাভার্ডভ্যানে আগুন দিয়েছিল মুখোশধারীরা।
সোমবার রাত সাড়ে ৮ টায় কানসাটে সোনামসজিদগামী একটি খালি ট্রাকে, রাত ১১টায় শিবগঞ্জের একাডেমি মোড়ে আরো দুটি সোনামসজিদগামী খালি ট্রাকে আগুন দেয়া হয়।
সর্বশেষ আজ ভোর ৫টার দিকে কানসাটের কলাবাড়ি মোড়ে নবীউল্লাহ কার্গো সার্ভিস নামের একটি কাভার্ডভ্যানে পেট্রোলবোমার আগুন দেয় মুখোশধারীরা। এতে নিহত হয় কার্গো ভ্যান চালক শিপন (৩১)। নিহত শিপন ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার আবদুল মান্নানের ছেলে। এ ঘটনায় আহত চালকের কিশোর সহকারীর নাম শাকিল (১৪)। সে চট্টগ্রামের মিরেশ্বরাই এলাকার ঠাকুরদীঘি এলাকার জসিমুদ্দিনের ছেলে।
রাতে মহাসড়ক পাহারারত আনসার সদস্য ইদুল আযহা সাংবাদিকদের জানান, মহাসড়কে কাঁটা ফেলে রাখায় শিবগঞ্জের একাডেমি মোড়ে দুটি ট্রাকের পাংচার হয়ে গেলে ২০/২৫ জন মুখোশধারীরা এসে ৪/৫ টি ককটেল ফাটিয়ে আনসার সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এ সময় ট্রাকে পেট্রোল বোমা মেরে তারা পালিয়ে গেলে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বলে তিনি জানান।
রাজধানীর চিত্রঃ বিরোধী জোটের লাগাতার অবরোধের মধ্যে ঘোষিত হরতালে ঢাকায় অন্তত ৬টি বাসে আগুন দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। হরতাল-অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেও রাজধানীবাসীর নিরাপত্তা ও নাশকতামূলক কর্মকাণ্ডরোধে মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি।
রাজধানীতে ৬ বাসে আগুন-ভাংচুর, ককটেল বিস্ফোরণঃ বিরোধী জোটের লাগাতার অবরোধের মধ্যে ঘোষিত হরতাল আরো ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণার পর ঢাকায় অন্তত চারটি বাসে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে এ সব বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার পর কেরানীগঞ্জের কদমতলী বাসস্ট্যান্ডে একটি এবং উত্তরা বিজিএমইএ ভবনের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তাতক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাত সাড়ে ৯টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের কদমতলী এলাকায় নগর পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ জন আহত হয়।
কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন জানান, খবর পেয়ে কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসের অনেকাংশ পুড়ে গেছে।
এর আগে রাত ৯টার কিছু পরে রাজধানীর কদমতলীতে গাঙচিল পরিবহনের বাসটিতে আগুন দেয় অজ্ঞাতরা। পরিবহন শ্রমিকরা বাসটির আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বাসটির ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে বিষয়টি অস্বীকার করে কদমতলী থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।
রাজধানীর বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরণে আহত ৩
রাজধানীর পৃথক পৃথক স্থানে ককটেল বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ চত্বরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হন। আহতরা হলেন, শহিদুল ইসলাম (৩০) ও হাবিবুর রহমান (৪২)। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। এদিকে সন্ধ্যা সোয়া ৭টায় আগারগাঁও জাতীয় বেতার ভবনের বাউন্ডারীর ভেতরে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতরা। এ সময় গোলাম মোস্তফা নামের এক সিকিউরিট গার্ড আহত হন। ককটেল বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করতে পারে নি পুলিশ। এছাড়া সন্ধ্যার পর গুলশান-১ নম্বর গোল চত্বরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতরা।
রাজধানীর নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবিঃ হরতাল-অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেও রাজধানীবাসীর নিরাপত্তা ও নাশকতামূলক কর্মকাণ্ডরোধে মোতায়েন করা হয়েছে ১৬ প্লাটুন বিজিবি। মঙ্গলবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে রাজধানী জুড়ে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্লাটুনগুলো টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর প্রতি নজর রাখবে।তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। বুধবার (০৪ মার্চ) ভোর ৬টা পর্যন্ত প্লাটুনগুলো নিরাপত্তা টহলে থাকবে। সোমবার রাতেও রাজধানীর নিরাপত্তায় ১৬ প্লাটুনি বিজিবি মোতায়েন ছিলো।
উত্তরায় হরতালের সমর্থনে শিবিরের মিছিলঃ ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি টানা ৭২ ঘণ্টার হরতালের ৩য় দিনে রাজধানীতে মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে উত্তরার আজমপুর কাঁচাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে আজমপুর বাস স্ট্যান্ডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মহানগরী সাংস্কৃতিক সম্পাদক ও মহানগরী সাহিত্য সম্পাদকের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উত্তরা পশ্চিম থানা সভাপতি, দক্ষিণখান থানা সভাপতি, উত্তরখান থানা সভাপতি, তুরাগ থানা সভাপতিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর বাইরের চিত্রঃ কুমিল্লায় ট্রাকে পেট্রোল বোমায় ড্রাইভার-হেলপার দগ্ধ, নোয়াখালীতে ২টি ট্রাকে পেট্রোল বোমা হামলায় ১জন দগ্ধ, দিনাজপুরে ট্রাকে পেট্রোল বোমায় হেলপার দগ্ধ, ফেনীতে পেট্রোল ঢেলে বাস-ট্রাকে আগুন, নারায়নগঞ্জে বাসে পেট্রোল বোমা হামলায় চালক আহত, জয়পুরহাটে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, সিলেটে কাভার্ডভ্যান ও সিএনজি স্টেশনে আগুন, বরিশালে মধ্যরাতে বিআরটিসি ডিপোতে অগ্নিসংযোগ, জয়পুরহাটে চাল ও আলুবোঝাই ২ ট্রাকে অগ্নিসংযোগ এবং নোয়াখালীতে সকালে ট্রাক ও মিনিবাসে আগুন দেওয়া হয়েছে।
নোয়াখালীতে ২টি ট্রাকে পেট্রোল বোমা হামলা, দগ্ধ ১জনঃ নোয়াখালীতে অন্তত দুটি ট্রাকে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি ট্রাকের হেলপার দগ্ধ হন।মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জেলা সদরের দত্তবাড়ির মোড় ও সোনাপুর ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, দত্তবাড়ির মোড়ের ঘটনায় ট্রাকের হেলপার ইসমাইল হোসেন দগ্ধ হন।
প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে বর্ধিত হরতালের আগের রাতেই এসব ঘটনা
নারায়ণগঞ্জে বাসে আগুন, চালক দগ্ধ: নারায়ণগঞ্জের কালিয়া বাজারে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে বাসের চালক গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় চাপাইনবাবগঞ্জের একটি যাত্রীবাহী বাসে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভায়।
কুমিল্লায় ট্রাকে পেট্রোল বোমায় ড্রাইভার-হেলপার দগ্ধ : কুমিল্লার দেবিদ্বারে একটি ট্রাকে পেট্রোল বোমা হামলায় ড্রাইভার ও হেলপার দগ্ধ হয়েছেন।মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউসুফপুরে এ ঘটনা ঘটে।
দগ্ধ ড্রাইভার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বাড়িওড়া (মজলিসপুর) গ্রামের আবু তাহেরের ছেলে মো. মনির (৪৫) এবং হেলপার একই উপজেলার মইন (মজলিজপুর) গ্রামের সোনা চান মিয়ার ছেলে জজ মিয়া (৪০)। প্রায় ৬০ ভাগ দগ্ধ হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ সময় হাসপাতালে থাকা সত্ত্বেও সরকারি অ্যাম্বুলেন্স না বের করায় উপস্থিত উত্তেজিত জনতা স্বাস্থ্য কর্মকর্তাকে গালমন্দসহ কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি খালি ট্রাকে (বি-বাড়িয়া-ট ১১-০০২২) পেট্রোল বোমা ছুঁড়ে মারলে ড্রাইভার ও হেলপার দগ্ধ হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্বে পুকুরে পড়ে যায়।স্থানীয়রা আহতদেরকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
খবর পেয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ও মিরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো. আবু জাহেরের নেতৃত্বে দুটি টিম হাসপাতালে ছুটে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিতসক মো. জাকির হোসেন জানান, হেলপার প্রায় ৬০ ভাগ দগ্ধ। তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনীতে বাস-ট্রাকে আগুনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি যাত্রীবাহী বাস ও একটি কাঠবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাতরা।মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দেবীপুর এলাকার মা-মণি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আগুনে বাস ও ট্রাকটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। তবে, এ সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে দেয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নওগাঁয় হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল-সমাবেশঃ দেশব্যাপী নেতাকর্মীদের খুন, গুম, নির্যাতন, গণ গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ২০ দলীয় জোট। মঙ্গলবার সকালে নওগাঁয় ৭২ ঘণ্টা হরতালের সমর্থনে শহরের তাজের মোড় থেকে জোটের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রীজের মোড়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে জোটের সিনিয়র যুগ্ম -আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জামায়াতের সচিব মাওলানা এম এ রাকিব, সাবেক এমপি রায়হান আকতার রনি, পৌর বিএনপির আহবায়ক মো. নাসির উদ্দীন, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, জেলা যুবদল সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিউল আজম রানা, ছাত্রনেতা টুটুল, শিপলু, মুক্তারসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
রংপুরে দুদক কার্যালয়ে ককটেল নিক্ষেপঃ রংপুরে সোনালী ব্যাংক জোনাল শাখার সামনে ও দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সকাল ১০টায় কয়েকটি ককটেল নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। এতে আহত হয়েছেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর আকরামের ভাই মনসুর আলমসহ ৪ জন। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী ঘটনাস্থল পরিদর্শন করেন। দফায় দফায় ককটেল বিস্ফোরণে রংপুর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওদিকে নাশকতার অভিযোগে পুলিশ ৮টি ককটেলসহ ১০ জামায়াত-শিবির ও ১৭ বিএনপিকর্মীসহ ৬২ জনকে গ্রেপ্তার করেছে বিভিন্ন এলাকা থেকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে একটি মোটরসাইকেলে দু’যুবক এসে সোনালী ব্যাংক রংপুর করপোরেট শাখার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এর পরপরই স্টেশন রোড়ে অবস্থিত রংপুর দুদক কার্যালয়ের সামনে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরপরই দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান শুরু করে। এদিকে সোমবার রাতে নগরীর কামারপাড়া এলাকায় মাহিন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৮টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর প্রতিনিধি জানান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। রোববার সন্ধ্যায় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
রাজশাহী শিক্ষাবোর্ডে ককটেল হামলাঃ রাজশাহী শিক্ষাবোর্ডে ককটেল হামলা চালিয়েছে অজ্ঞাতরা। মঙ্গলবার (০৩ মার্চ ২০১৫) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি হয় নি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান রন্টু জানান, বিকেলে দুর্বৃত্তরা শিক্ষাবোর্ডের পেছনের ওয়ালে একটি ককটেল ছুঁড়ে মারে। ককটেলটি ওয়াল সংলগ্ন গাছের সঙ্গে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে নি। এর সঙ্গে কে বা কারা জড়িত- তা তদন্ত করে দেখা হচ্ছে।
জয়পুরহাটে পণ্য বোঝাই ২টি ট্রাকে আগুনঃ জয়পুরহাট-হিলি সড়কের পুরানাপুল রেলগেট এলাকায় পণ্য বোঝাই ২টি ট্রাকে আগুন দিয়েছে অজ্ঞাতরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত পুরানাপুল এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে হিলি থেকে জয়পুরহাট আসার সময় চাল ও আলু বোঝাই ২টি ট্রাকের গতিরোধ করে এবং চালকদের নামিয়ে দিয়ে ট্রাকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুন দেয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। ওদিকে, জয়পুরহাটে সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘সাক্ষর’ নামের যাত্রীবাহী বাস জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ‘বানিয়াপাড়া’ এলাকায় পৌঁছুলে ২টি মোটরসাইকেল যোগে ৫/৬ জনের দুর্বৃত্ত ওই স্থানে প্রথমে মোটরসাইকেল দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসের গতিরোধ করে। এ সময় যাত্রীদের ওই বাস থেকে নামিয়ে দিয়ে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলা কৃষকদলের সভাপতি ও ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনছার আলী (৫৫) কে মিরপুর থানা পুলিশ আটক করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনাঃ জেলার পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়েতে ইসলামের কর্মপরিষদ সদস্য মাসুম মোস্তফাকে ডিবি পুলিশ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে গেপ্তার করেছে। নেত্রকোনা ডিবির ওসি একেএম কাউসার আহমেদ জানান, নাশকতা সৃষ্টির পাঁয়তারাসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়াঃ বিকালে যৌথবাহিনী বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার বাসা তল্লাশি করেছে। এ সময় হেনাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জেলায় বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বাসা তল্লাশি করে আরও ২০ জনকে গ্রেপ্তার করেছে।
বরিশালে চলন্ত পিকআপে পেট্রলবোমা, বিআরটিসি’র বাসে অগ্নিসংযোগঃ বরিশাল সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি’র ডিপোর বাসে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতরা। সোমবার দিবাগত রাত ২টার দিকে নগরীর নথুলাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডিপোতে রাখা একটি পরিত্যাক্ত বাসে আগুন ধরে যায়। এর আগে সোমবার সাড়ে রাত ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুরে একটি চলন্ত পিকাপে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। তবে পিকাপটির পেছনের অংশ পুড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিআরটিসি বরিশাল ডিপো ইনচার্জ নিহার রঞ্জন মজুমদার জানান, প্রতিদিন রাত ১০টায় সকল বাস ডিপোতে রেখে তারা বাসায় চলে যান। ডিপোর পাহাড়ায় নিয়োজিত ছিল ১০ জন নিরাপত্তারক্ষী। রাত পৌঁনে ২টার দিকে একজন নিরাপত্তারক্ষী ডিপোর পশ্চিম দিকে একটি পরিত্যক্ত বাসে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রন করে। আগুনে পরিত্যাক্ত বাসটির ভেতরের সিট এবং গ¬াস পুড়ে গেছে বলে তিনি জানান।
নিহার রঞ্জন মজুমদার আরও জানান, ডিপোর তিনদিকে সীমানা প্রাচীর এবং একদিকে পুকুর। পুকুরের পাশ দিয়ে কাছাকাছি দুরত্ব থেকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে পেট্রল বোমা ছুড়ে পরিত্যাক্ত বাসে আগুন দিয়েছে বলে তার ধারনা। দুর্বৃত্তদের কাউকে চিনতে না পাড়ায় এই ঘটনায় থানায় সাধারণ ডায়রী করেছেন বলে জানান ডিপো ইনচার্জ।
বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, কে বা কারা কিভাবে আগুন দিয়েছে তা কেউ দেখেনি। বিআরটিসি কর্তৃপক্ষের সাধারণ ডায়েরি তদন্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।
এদিকে ওই রাতেই বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়ারপাড়ে একটি চলন্ত পিকাপে আগুন দিয়েছে কে বা কারা। এতে পিকাপটির পেছনের অংশ পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রন করায় বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যায় পিকাপটি। যদিও বিমানবন্দর থানা পুলিশ পিকাপে অগ্নিসংযোগের বিষয়টি স্বীকার করেনি।
দেশনিউজ স্পেশালঃ ৫৭তম দিনে ৩৬ গাড়িতে আগুন-ভাংচুর, নিহত ১, গ্রেপ্তার দুইশ’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন