দেশি বার্তা - ২৪ ঘন্টা দেশের খবর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

চাঁপাইনবাবগঞ্জে পেট্রল বোমায় কাভার্ড ভ্যান চালক নিহত - দেশি বার্তা



সকালের খবর ডেস্ক :
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন গতকাল চাঁপাইনবাবগঞ্জে পেট্রল বোমায় শিপন নামে এক কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সহকারী শাকিল মারাত্মক দগ্ধ হয়েছে। এদিকে রাজধানীতে গত রাতে দুই গাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাজধানীতে গতকাল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক, ব্যুরো, অফিস, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর :
ঢাকা : রাত ৯টায় উত্তরা মডেল থানাধীন হাউস বিল্ডিং অগ্রণী ব্যাংকের সামনে কনক পরিবহনের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে একই সময় কদমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাত্ক্ষণিক
কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


সন্ধ্যার পর গুলশান-১ নম্বর গোল চত্বরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় বেতার ভবনের সীমানা প্রাচীরের ভেতরে পরপর তিনটি হাতবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গোলাম মোস্তফা নামে এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। একই সময়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহিদুল ইসলাম ও হাবিবুর রহমান নামে দুই রিকশাচালক আহত হয়েছেন। রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে দুটি এবং ভিসি চত্বরে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ৮টায় গুলশান-২ ল্যাবএইড হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময় বাড্ডা এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিএনপির ছয়জন ও আনসারুল্লাহ বাংলা টিমের একজন রয়েছে। সোমবার রাতে লালবাগ, মতিঝিল, সূত্রাপুর ও মিরপুর থানা এলাকায় অভিযান চালানো হয়।


চাঁপাইনবাবগঞ্জে পেট্রল বোমায় চালক নিহত, হেলপার দগ্ধ : চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যানসহ অন্তত ছয়টি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। শিবগঞ্জের কানসাটে গতকাল ভোরে একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় দগ্ধ হয়ে মারা গেছেন চালক শিপন (৩০)। নিহত শিপন ভোলার বোরহানউদ্দিন থানার আবদুল মান্নানের ছেলে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানের হেলপার শাকিল। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে নবীউল্লাহ কার্গো সার্ভিস নামে একটি খালি কাভার্ড ভ্যান পণ্য আনার জন্য সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার সময় কানসাটের কলাবাড়ি এলাকায় পৌঁছলে ওই কাভার্ডভ্যান লক্ষ করে পেট্রল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। এতে দগ্ধ হয়ে কাভার্ডভ্যানের চালক শিপন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন আহত হেলপার শাকিলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দগ্ধ শাকিলের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘী গ্রামে। এদিকে এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মাথায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় ও হরিপুর এলাকায় আরও তিনটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় দুটি ট্রাকে ভাঙচুর চালানো হয়।


রংপুরে ব্যাংক ও দুদক অফিসে ককটেল নিক্ষেপ, আটক ৮ : রংপুরের স্টেশন রোডের সোনালী ব্যাংক শাখা কার্যালয় ও জেলা দুর্নীতি দমন অফিস লক্ষ করে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। গতকাল বেলা ১১টার দিকে সোনালী ব্যাংকের সামনে দুটি ও জেলা দুর্নীতি দমন অফিসের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা।
এদিকে নগরীর একটি শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস থেকে আটটি ককটেলসহ ছয় শিবির কর্মী এবং মেস মালিক ও তার ছেলেকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কামারপাড়া এলাকার ‘মাহিন ছাত্রাবাস’ নামে ওই মেসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হল-শিবির কর্মী রেজাউল করিম, ফজলুল করিম, আসাদুল ইসলাম, দুলু মিয়া, এনামুল হক ও কামরুল হাসাস, ছাত্রাবাসের মালিক আকবর আলী ও তার ছেলে গোলাম মোস্তফা মিঠু।
বগুড়ার শেরপুরে ভস্মীভূত মুক্তিযোদ্ধা সংসদ : সোমবার রাতে দুর্বৃত্তের নাশকতায় পুড়ে ভস্মীভূত হল বগুড়ার শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলের আগুন নেভালেও আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুড়ে গেছে।


জানা গেছে, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেছনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সোমবার রাতে দুর্বৃত্তরা গানপাউডার দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটায়। গতকাল সকালে ঘটনাস্থল থেকে এক ব্যাগ গানপাউডার উদ্ধার করে পুলিশ।


সিলেটে সিএনজি স্টেশন ও পুলিশের ওপর হামলা : সিলেটে সিএনজি রিফুয়েলিং স্টেশন ও পুলিশের ওপর ককটেল হামলাকালে জনতা দুই শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার গোটাটিকর ও পারাইরচকে পৃথক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার রাত ১০টার দিকে তিন-চারটি মোটরসাইকেলে সাত-আট যুবক দক্ষিণ সুরমার গোটাটিকরে নাঈমা সিএনজি রিফুয়েলিং স্টেশনে গিয়ে দুটি পেট্রল বোমা ও দুটি ককটেল নিক্ষেপ করে। পেট্রল বোমা বিস্ফোরণে স্টেশনের একটি ফুয়েল ডিসপেন্সারে আগুন ধরে যায়। এ সময় স্থানীয় জনতা হামলাকারীদের ধাওয়া করে একজনকে মোটরসাইকেলসহ আটক করে। স্থানীয়দের চেষ্টায় ফুয়েল ডিসপেন্সারের আগুন নেভানো হয়। এদিকে একই সময়ে মোগলাবাজারের পারাইরচকে পুলিশকে লক্ষ করে ককটেল হামলা চালায় শিবির কর্মীরা। এ সময় এক শিবির কর্মীকে আটক করা হয়।


নারায়ণগঞ্জে বাসে পেট্রল বোমা হামলায় চালক দগ্ধ : নারায়ণগঞ্জ নগরীর কালীরবাজার এলাকায় দূরপাল্লার একটি বাসে পেট্রল বোমা হামলায় চালক জাহাঙ্গীর আলম ওরফে বাবু দগ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় নগরীর খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে নগরীর কালীরবাজার এলাকায় চাঁপাইনবাগঞ্জ থেকে আসা আলট্রা মডার্ন পরিবহনের বাসটি যাত্রী নামিয়ে উকিলপাড়ার দিকে কাউন্টারে যাওয়ার পথে চার-পাঁচ দুর্বৃত্ত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন : দিনাজপুরে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। আটক শিবির কর্মীর নাম আবদুল হাই (২৫)। সে সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাড়া করে চাঁদগঞ্জ বাজার থেকে তাকে আটক করে স্থানীয় জনগণ। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আবদুল হাই পেট্রল ছিটিয়ে চাঁদগঞ্জ বাজারে অবস্থিত সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে দুই-তিন শিবির কর্মী আগুন দিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয় জনতা শিবির কর্মী আবদুল হাইকে আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশে খবর দেয়।


নোয়াখালীতে দুটি গাড়িতে আগুন : নোয়াখালীর শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ডে একটি মিনিবাস ও দত্তেরহাট বাজার এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জানা গেছে, সকালে যাত্রীবাহী একটি মিনিবাস চৌমুহনী বাজার থেকে শহর মাইজদী দিকে যাচ্ছিল। পথে শহরের চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা যাত্রীদের নামিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে সকাল ৮টার দিকে শহরের সোনাপুর-মাইজদী সড়কের দত্তেরহাট বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


বরিশালে বিআরটিসি বাসে আগুন : বরিশাল নগরীতে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল এলাকাবাসীর বাধায় পণ্ড হয়েছে। গতকাল সকালে নগরীর জিয়া সড়কের লোহারপুল এলাকায় জামায়াত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তা পণ্ড করে দেয়। এর বাইরে হরতালের সমর্থনে সোমবার রাত দেড়টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় বরিশাল বিআরটিসি ডিপোতে থাকা একটি পরিত্যক্ত বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। পরে বিআরটিসি বাস ডিপোর নিরাপত্তা প্রহরী ও ডিপোর কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।




চাঁপাইনবাবগঞ্জে পেট্রল বোমায় কাভার্ড ভ্যান চালক নিহত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন